পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ফয়জুননাহার লিজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক জুয়েলসহ শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইউএনও শফিকুল ইসলাম বলেন, নজরুল সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

