ডেস্ক রিপোর্ট, রাজধলা২৪ঃ নেত্রকোনা পৌরসভার নাম ও কথিত রশিদ ব্যবহার করে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তবে চলতি বছরে ট্রাক স্ট্যান্ড ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছে পৌরসভা। ফলে এ ধরনের অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ ও অননুমোদিত বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
বুধবার রাতে নেত্রকোনা পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, চলতি বছরে ট্রাক স্ট্যান্ড ইজারা দেওয়া হয়নি। ট্রাক স্ট্যান্ডের নামে কোনো ধরনের চাঁদা বা ফি আদায়ের জন্য কাউকে দায়িত্বও দেওয়া হয়নি। এমনকি এ-সংক্রান্ত কোনো রশিদও পৌরসভা থেকে ছাপানো হয়নি।
এরই মধ্যে বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় পৌরসভার নাম ও রশিদ ব্যবহার করে ট্রাক থামিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ পৌরসভার নজরে এসেছে। বিষয়টি জেলা পুলিশকে অবহিত করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে ট্রাক মালিক, চালক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সর্বসাধারণকে এ ধরনের কোনো রশিদে অর্থ প্রদান না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে পৌরসভার অনুমোদন ছাড়া পৌরসভার নাম ব্যবহার করে অর্থ আদায় করলে তা সম্পূর্ণ অননুমোদিত ও বেআইনি বলে সতর্ক করা হয়েছে।
পৌরসভার নাম ব্যবহার করে অবৈধভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

