পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়ার অভিযোগে নেত্রকোনার পূর্বধলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন বঞ্চিত প্রার্থীরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন শুরু করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের সুযোগ দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউএনওর অফিসিয়াল ফেসবুক পেজে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনের পাশাপাশি অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে সমালোচনা করেন অনেকে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম বলেন, “ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। এতে কোনো অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ নেই।”
পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন বিক্ষোভকারীরা।

