পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার এবং এর সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সেমিনার এবং প্রদর্শনী।
‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক এই আয়োজনটি ১৯ জুন জেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যা চলবে ২০ জুন পর্যন্ত।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পূর্বধলা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর যৌথ বাস্তবায়নে এই অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিফুল ইসলাম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার সুমন চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মোজাম্মেল হক।
আয়োজকরা জানান, এই প্রদর্শনীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি, নতুন নতুন গবেষণালব্ধ উদ্ভাবন এবং বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
এই আয়োজন শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি এবং প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

