পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আবু আব্বাস ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী ও সদর উপজেলার বামুনীকোনা গ্রামের বাসিন্দা আমির ফয়সাল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে শ্যামগঞ্জবাসীর উদ্যোগে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের সহপাঠী ও স্থানীয় যুবক শুভ, নাঈম, মাহিম, সিয়াম ও রিফাতসহ অনেকে।
বক্তারা বলেন, আমির ফয়সাল একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে ও নৃশংস কায়দায় হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত চিহ্নিত রাজন, রিয়াজ, রহমতুল্লাহ, মাসুম ও জুয়েলসহ সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য গত ১ জুন রাত পৌনে ১২টার দিকে বামুনীকোণা সংসদ বাজার মসজিদের সামনে একটি বিয়ের অনুষ্ঠানে কথাকাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে বামুনীকোণা গ্রামের নজরুল ইসলামের ছেলে আমির ফয়সাল নিহত হন।

