পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদারের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল নেমেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার ১১টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বিভিন্ন যানবাহনে করে মিছিলের উদ্দেশ্যে প্ল্যাকার্ড, ব্যানার ও ধানের শীষের প্রতিকৃতি নিয়ে হেলিপ্যাড মাঠে জমায়েত হতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই মাঠ জনসমুদ্রে রুপ নেয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে দুপুরে মিছিলটি হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে পূর্বধলা বাজার, জামতলা, রাজপাড়া, মঙ্গলবাড়িয়া, আমতলা ও স্টেশন রোড প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণমিছিলে যে মানুষের সমাগম ঘটেছে তা পূর্বধলায় অতীতের সকল নির্বাচনী রেকর্ড ছাড়িয়ে গেছে।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জানেন কিছু অশুভ চক্র গুজব ছড়াচ্ছে, সেদিকে কান দেবেন না। ১০ তারিখ সকাল ৮টার পর আনুষ্ঠানিকভাবে সব প্রচারণা বন্ধ হয়ে যাবে।”
তিনি আরও বলেন, “শোনা যাচ্ছে বিভিন্ন এলাকায় টাকার ছড়াছড়ি করা হচ্ছে। আপনারা গ্রামে গ্রামে ও পাড়া-মহল্লায় পাহারা দেবেন। যদি এমন কাউকে পাওয়া যায়, তাকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। একই সঙ্গে তিনি নারী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সেলিম উদ্দিন, ইশতিয়াক আহম্মেদ বাবু, আনোয়ারুল ইসলাম আনার, রুহুল আমিন ফকির, সালাউদ্দিন আহমেদ নোয়াবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

