পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি ঃ সকালের নীরবতা ভেঙে কালিহর নদীর বুকে ভেসে উঠেছিল একটি ছোট্ট পুঁটলি। দূর থেকে দেখে কেউ বুঝতে পারেনি তার ভেতরে লুকিয়ে আছে এক বুকভাঙা বাস্তবতা।
কাছে গিয়ে স্থানীয়দের চোখে পড়ে কালো একটি শার্টে মোড়ানো রয়েছে সদ্যোজাত এক কন্যাশিশুর নিথর দেহ। মুহূর্তেই পুরো এলাকায় নেমে আসে বিস্ময় নীরবতা।
সোমবার (২৯ জুন) সকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদীতে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, নবজাতকের মরদেহটি কালো শার্টে জড়িয়ে লাল রঙের একটি রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি নদীর তলায় ডুবিয়ে রাখার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছিল। তবে কোনো কারণে সেটি পানির ওপর ভেসে ওঠে এবং স্থানীয়দের নজরে আসে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, নবজাতকের পরিচয় শনাক্ত এবং দায়ীদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
কালিহর নদীতে ভেসে ওঠা এই ছোট্ট প্রাণহীন দেহ যেন নীরবে অনেক প্রশ্ন রেখে গেল। পৃথিবীর আলো ঠিকমতো দেখার আগেই কেন থেমে গেল একটি জীবনের পথচলা? কে এই শিশুটি আর কোন নির্মম বাস্তবতা তাকে এমন পরিণতির দিকে ঠেলে দিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ, আর উত্তর জানার অপেক্ষায় রয়েছে পুরো পূর্বধলাবাসী।

