পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থায় কৃষকদের সম্পৃক্ত করতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকাল থেকে জেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলম তালুকদার এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ তালুকদার।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জোবায়ের হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. রাকিবুর রহমান।
ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, সেলিম উদ্দিন, এম এ মান্নান, সিনিয়র সদস্য আব্দুর রহিম তালুকদার প্রমূখ।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের বিকল্প নেই। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সরকারি-বেসরকারি সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিশ্বব্যাংক ও আইএফএডির সহায়তায় পরিচালিত ‘পার্টনার’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে কৃষকদের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
এর আগে অতিথিরা আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

