পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।”
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, ডেন্টাল সার্জন ডা. শেখ ঈশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুবকর সিদ্দিকী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তাজবীর মোস্তফা। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজনিত আসক্তি জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে লক্ষ্য করে বিভিন্ন কৌশলে তামাকজাত ও নিকোটিনযুক্ত পণ্যের ব্যবহার বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে আরও সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

