পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার (জীবন) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৫ বছর।
জাকির হোসেন তালুকদার উপজেলার বাড়হা তালুকদার বাড়ির বাসিন্দা এবং মরহুম হেলাল মাস্টারের জ্যেষ্ঠ সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
একসময় স্থানীয় রাজনীতিতে অত্যন্ত সক্রিয় এই নেতা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আধুনিক ও স্বতন্ত্র রাজনৈতিক চিন্তাধারায় বিশ্বাসী জাকির হোসেন একাধিকবার সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। নানা প্রতিকূলতায় সেই ইচ্ছা অপূর্ণ থাকলেও তিনি দমে যাননি। বিভিন্ন জাতীয় দিবস ও রাজনৈতিক কর্মসূচি তিনি একক উদ্যোগেই নিয়মিত পালন করে গেছেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁর একটি বড় পরিচয় ছিল সাহিত্যিক ও লেখক হিসেবে। তিনি নিয়মিত কবিতা লিখতেন এবং বাংলাদেশের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় পূর্বধলা স্টেশন বাজার ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

