পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় ‘জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ সফল করার লক্ষ্যে উপজেলা পর্যায়ের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্ব প্রিয় মজুমদার, মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, এমও আইসিটি ডা. শেখ ইশা খান, ইউনিসেফের নিউট্রিশন কনসালটেন্ট শাহজাহান কবীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী এবং ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল। এছাড়াও সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও গ্যাভি (Gavi)-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় জানানো হয়, আসন্ন এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ৫ বছর বয়সের নিচের সকল শিশুকে এক ডোজ এমআর টিকা প্রদান করা হবে।
দীর্ঘমেয়াদী হাম ও রুবেলা প্রতিরোধে সরকারের এই উদ্যোগকে শতভাগ সফল করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও তাসনীম জাহান বলেন, “একটি শিশুও যেন এই জীবনরক্ষাকারী টিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে। দুর্গম এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়াতে হবে এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করতে হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন জানান, ক্যাম্পেইন চলাকালীন টিকার গুণমান বজায় রাখতে কোল্ড-চেইন ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে দক্ষ টিকাদানকারী ও স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। অভিভাবকরা যেন কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নিজ নিজ শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসেন, সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়।
সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মাঠ পর্যায়ের প্রস্তুতির পর্যালোচনা শেষে দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

