পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্য রক্ষা ও পুষ্টিমান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন।
ইউনিসেফের নিউট্রিশন কনসালটেন্ট শাহজাহান কবীরের সঞ্চালনায় সভায় উপজেলার পুষ্টি পরিস্থিতির বর্তমান চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্ব প্রিয় মজুমদার, মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, এমও আইসিটি ডা. শেখ ইশা খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী এবং ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল।
বক্তারা তাদের বক্তব্যে একটি সুস্থ ও সবল জাতি গঠনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টিহীনতা রোধে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে সভায় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), আইসিডিডিআর,বি-সহ বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা সমন্বিত পুষ্টি কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

