পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।
সকালে উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাংবাদিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় পূর্বধলা জে.এম. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও পূর্বধলা সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন।
এছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে মসজিদ, মন্দিরসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করে।

