পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বিএনপি।
তবে দিবসটি উপলক্ষে দলীয় নেতাকর্মীরা তিনটি পৃথক গ্রুপ ও ব্যানারে বিভক্ত হয়ে তাদের কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি র্যালি ও উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।
দিনের শুরুতে সকাল ৭টায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর নেতৃত্বে একটি র্যালি বের হয়। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ আলীর বাসভবন থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
এরপর বেলা ১২টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে আরেকটি র্যালি বের হয়। হেলিপ্যাড মাঠ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
অন্যদিকে দুপুরে উপজেলা বিএনপির সদস্য সচিব এস.এম. শহিদুল্লাহ ইমরানের নেতৃত্বে রেলওয়ে স্টেশন দলীয় কার্যালয় থেকে তৃতীয় একটি র্যালি বের করা হয়। এই গ্রুপটিও উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে শেষ করে।
তিনটি ভিন্ন ব্যানারে পৃথক কর্মসূচি পালিত হলেও প্রতিটি অনুষ্ঠানেই সাধারণ নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

