সত্যম চক্রবর্তী, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ছুটিতে পর্যটন নগরী সুসং দুর্গাপুর-এ নেমেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসছেন এ অঞ্চলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে।
ঈদের দিন বিকেল থেকেই দুর্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে দর্শনার্থীদের আনাগোনা বাড়তে থাকে। বিশেষ করে সীমান্ত ঘেঁষা বিজয়পুর চীনামাটির পাহাড় ও এর নীল জলাশয় এলাকায় এখন তিল ধারণের ঠাঁই নেই। পাহাড়ের গায়ে স্বচ্ছ নীল জল আর আকাশের মিতালি পর্যটকদের বিমোহিত করছে। কেউ নীল জলে গা ভাসাচ্ছেন, আবার কেউ প্রিয়জনের সঙ্গে ছবি তুলে স্মৃতি ধরে রাখছেন।
এছাড়া পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সোমেশ্বরী নদী, যেখানে ছোট ছোট নৌকায় চড়ে নদীর স্নিগ্ধতা উপভোগ করছেন দর্শনার্থীরা। বিরিশিরি কালচারাল একাডেমি-তে নৃ-গোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য জানতেও ভিড় করছেন অনেকে।

অন্যদিকে পাহাড়চূড়ায় অবস্থিত ঐতিহাসিক রানীখং গির্জা থেকেও চারপাশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা।
শহুরে জীবনের একঘেয়েমি কাটাতে আসা মানুষের উপস্থিতিতে দুর্গাপুর এখন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা আশা করছেন, ঈদের ছুটি জুড়ে পর্যটকদের এই প্রাণচাঞ্চল্য অব্যাহত থাকবে।

