পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পূর্বধলার উদয়ন স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২০ মার্চ) বিকেলে সংগঠনের পক্ষ থেকে উপজেলার ২৫টি দুস্থ পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল গরুর মাংস, চাল, ডাল, তেল, চিনি, সেমাই, গুড়ো দুধ, আলু, পেঁয়াজ, প্রয়োজনীয় মসলা ও সাবানসহ মোট ১১ ধরনের নিত্যপণ্য।
এই আয়োজনের বিশেষত্ব ছিল—সংগঠনের সদস্যরা সরাসরি প্রতিটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে উপহারসামগ্রী পৌঁছে দেন যাতে উপকারভোগীদের সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং তারা সম্মানের সঙ্গে এই সহায়তা গ্রহণ করতে পারেন।
জানা গেছে, উদয়ন স্পোর্টিং ক্লাব প্রতি বছরই নিয়মিতভাবে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও তারা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
হঠাৎ বাড়িতে ঈদের এমন পূর্ণাঙ্গ বাজার উপহার পেয়ে পরিবারগুলোর মাঝে আগাম ঈদের আমেজ ছড়িয়ে পড়ে অনেকের মুখেই ফুটে ওঠে স্বস্তির হাসি।
উপহার বিতরণকালে উদয়ন স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. মিঠুন মিয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা জানান, ‘ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষ সমানভাবে উপভোগ করতে পারে সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
ক্লাবের নেতৃবৃন্দ আরও বলেন, “অভাবের কারণে কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সবাই ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবটি উদযাপন করুক।”
স্থানীয় সচেতন মহল এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট লাঘব হবে। এর ফলে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে।
ঈদের আনন্দ ভাগাভাগির এই উদ্যোগের মাধ্যমে উদয়ন স্পোর্টিং ক্লাব একটি উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা এলাকার অন্যদেরও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে বলে স্থানীয়রা মনে করছেন।

