পূর্বধলা (নেত্রকোনা)প্রতিনিধিঃ যিনি এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তাঁর নিজ খামারে ঘটল দুর্ধর্ষ চুরির ঘটনা। নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম মন্ডলের (নান্টু)’র খামার থেকে ৬টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাকালি কান্দা গ্রামে চেয়ারম্যানের খামারে এই চুরির ঘটনা ঘটে। জানা যায়, একটি সংঘবদ্ধ চোরচক্র গোয়ালঘরের শিকল ভেঙে ২টি ষাঁড় ও ৪টি গাভী নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে খামারের লোকজন গোয়ালঘরটি খালি দেখতে পান। খামারটি চেয়ারম্যানের বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গোজাকালি কান্দা গ্রামে অবস্থিত।
এই ঘটনার পর আমিনুল ইসলাম মন্ডল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি আক্ষেপ করে লিখেন: “দুর্ভাগ্য! পোড়া কপাল, গোয়ালের ৬টি গরু গতরাতে চুরি হয়েছে। অথচ আমিই কিনা ইউনিয়নের নিরাপত্তার দায়িত্ব পালন করি!”
স্ট্যাটাসটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। একজন জনপ্রতিনিধির খামারে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, খবর পেয়ে সকালে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এবং ডিবি পুলিশসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

