পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা সদরের খাদ্যগুদাম ও কলেজ রোড এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
অভিযানে ওজন যন্ত্রে ত্রুটি থাকায় বেকারি ব্যবসায়ী শাহাদুল্লাহকে ৫ হাজার, মূল্য তালিকা না থাকায় মনোহারি ব্যবসায়ী জয় দেব সাহাকে ২ হাজার এবং অনুমোদন ছাড়া পরিচালনার দায়ে শাহজালাল বেকারির মালিক সুমন মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।