পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে নেত্রকোনার পূর্বধলায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
সভায় সজল কুমার সরকার মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বিশেষ করে উঠতি বয়সের ছেলে-মেয়েদের অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন দাবি ও সমস্যার কথা জানান। এ সময় শ্যামগঞ্জ বাজার ও এর আশপাশের এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে পূর্বধলা থানার ওসি ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে শ্যামগঞ্জ বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় পুলিশি টহল বাড়ানোর নির্দেশ দেন।
সভায় গোয়ালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির সায়েদ আল মামুন শহীদসহ জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, মসজিদের ইমাম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করে বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে এলাকার সমস্যাগুলো সরাসরি পুলিশের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে এ ধরনের মতবিনিময় এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।